রিপাবলিক অনলাইন:
তথ্য প্রযুক্তিনির্ভর এই যুগে কারও ব্যক্তিগত তথ্য চুরি করতে স্পাইওয়্যার ব্যবহার করে থাকে সাইবার অপরাধীরা। এটি মূলত এক ধরনের ম্যালওয়্যার, যেটি স্মার্টফোনে থাকা ব্যবহারকারীর তথ্য চুরি করে গোপনেই সাইবার অপরাধীদের কাছে পাঠাতে পারে। এজন্য স্মার্টফোনে আড়ি পাততে সক্ষম এমন অ্যাপ বা স্পাইওয়্যারের সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করে থাকে সাইবার অপরাধীসহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান।
এ ক্ষেত্রে আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন আতঙ্ক হয়ে উঠেছে ‘করুনা’। এই স্পাইওয়্যারটি আইফোনে সরাসরি নজরদারি করতে পারে। সম্প্রতি নতুন এই স্পাইওয়্যারের সন্ধান পেয়েছে সার্চ ইঞ্জিন গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ।
জনপ্রিয় সার্চ ইঞ্জিনটির থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপের গবেষকদের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রকাশিত আইওএস সংস্করণে চলা আইফোনে অনায়াসে হামলা চালাতে পারে এই স্পাইওয়্যারটি। এর মাধ্যমে সাইবার অপরাধীরা ব্যবহারকারীর অজান্তেই দূর থেকে আইফোনে থাকা তথ্য জানতে পারে। এজন্য দ্রুতই পুরোনো অপারেটিং সিস্টেমে চলা আইফোন হালনাগাদ করা জরুরি।
স্পাইওয়্যার ‘করুনা’ মূলত অনলাইনে থাকা ক্ষতিকর লিংকে ক্লিকের মাধ্যমে আইফোনে প্রবেশ করে। এটি স্মার্টফোনে প্রবেশের পর আইফোনে থাকা ছবি ও আর্থিক তথ্য ছাড়াও আদান-প্রদান করা বার্তাসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে। এতে আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার ক্ষেত্রে এই স্পাইওয়্যারটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এই অবস্থায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের অভিমত, স্পাইওয়্যার আক্রমণ থেকে নিরাপদ থাকতে দ্রুতই পুরোনো আইওএসে চলা আইফোন হালনাগাদ করতে হবে। সেই সঙ্গে ব্যবহারকারীদের অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো লিংকে ক্লিক না করার পাশাপাশি সন্দেহজনক কিংবা অনিরাপদ ওয়েবসাইটে প্রবেশ করা থেকেও বিরত থাকতে হবে।
তথ্যসূত্র: ডেইলি মেইল









