নিজস্ব প্রতিবেদক:
বগুড়া-৬ (সদর) আসনে ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি নাসিরুল ইসলামকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বুধবার রাতে আটক জামায়াত নেতা নাসিরুলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। খবর পেয়ে সেখানে গিয়ে জামায়াত নেতা নাসিরুলকে পাওয়া যায়। তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা জানিয়েছেন, রাতে পোলিং এজেন্টের তালিকা প্রিসাইডিং অফিসারকে দিতে কেন্দ্রে এসেছিলেন। তবে রাতে তালিকা দেওয়ার সুযোগ নেই বলেও জানান এ কর্মকর্তা।
বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, শুধুমাত্র পোলিং এজেন্টের নামের তালিকা দিতে প্রিসাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন জামায়াতের কর্মীরা। সেখানে বিএনপির নেতাকর্মীরা মব তৈরি করে জামায়াত নেতাকে আটক করিয়েছেন।









