আন্তর্জাতিক ডেস্ক:
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে স্থানীয় সময় শনিবার ভোরে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। এ ছাড়া নৌকাটিতে থাকা ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৪০ জন নিখোঁজ রয়েছে। মধ্যরাতের পর নৌকাটি দ্বীপ থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ডুবে যায় বলে ইআরটি নিউজ জানিয়েছে। এরপর ক্রিটের দক্ষিণে গাভডোস দ্বীপের কাছে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে, যাতে জাহাজ ও বিমান অংশ নিয়েছে। শনিবার সকালে প্রথম মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এক ব্যক্তিকে হেলিকপ্টারে করে ক্রিটের খানিয়া শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরে শনিবার দুপুরে কোস্ট গার্ড জানায়, মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা অভিবাসীদের প্রবেশে এ বছর ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে রোডস ও দক্ষিণ-পূর্ব এজিয়ান অঞ্চলে এ প্রবৃদ্ধি ৩০ শতাংশ। এ ছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ ধরনের একাধিক দুর্ঘটনা ঘটেছে। নভেম্বরের শেষের দিকে স্যামোস দ্বীপের উত্তরে একটি নৌকাডুবিতে আটজন অভিবাসী প্রাণ হারায়, যাদের মধ্যে ছয়জনই শিশু। ওই রুটটি মানবপাচারকারীরা প্রায়ই ব্যবহার করে থাকে।
সূত্র : এএফপি











