সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে অবশেষে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। তিনি শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে গাইবান্ধার উদ্দেশ্যে পূর্বের কর্মস্থল সদরপুর ত্যাগ করবেন বলে জানা গেছে।
আজ শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ের সংস্থাপন শাখার এক অফিস আদেশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে ওই পত্রে গত ১১ ডিসেম্বর তারিখে জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে অবমুক্ত করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, প্রজ্ঞাপনমূলে আল মামুন (১৭৮৩০), উপজেলা নির্বাহী অফিসার, সদরপুর, ফরিদপুরকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাইবান্ধায় বদলি করা হয়েছে। তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে ১১ ডিসেম্বর অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত করা হলো।
আদেশে আরো বলা হয়েছে, ‘তিনি সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনের নিকট তার দায়িত্বভার হস্তান্তর করবেন।’
জানা যায়, গত বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা চলাকালে আনিসুর রহমান সজল নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বক্তব্যের সময় অভিযোগ করেন, ইউএনও আল মামুন তাঁকে সম্প্রতি সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণসভায় ডেকে নিয়ে বলেছিলেন, (সজলকে) ‘আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো’।
এ কথা শোনার সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করেন সভায় উপস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি তাৎক্ষণিক ওই ইউএনওকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদারকে মৌখিক নির্দেশনা দেন।
সভায় সচিব বলেছিলেন, ‘আজকের মধ্যে এই ইউএনও উইথড্র (প্রত্যাহার) হবে এবং আমি আগামীকাল মন্ত্রণালয়ে ফিরে গিয়ে তাঁকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করব। আমি পাবলিকলি (জনসমক্ষে) বলে গেলাম, এত দুঃসাহস?
বুধবার ওই সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তবে ওইদিন বিষয়টির ব্যাপারে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের কাছে জানতে চাইলে তিনি ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমানকে এমন কোনো কথাই বলেননি বলে জানান।
বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোড়পাড় শুরু হলে বুধবার রাতে ও পরেরদিন বৃহস্পতিবার সকালে ইউএনও আল মামুনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও তাঁকে কর্মস্থলে বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে সদরপুর উপজেলা বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। এছাড়াও একইদিন সদরপুর উপজেলা পরিষদের সামনে একই দাবিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন। অবশেষে ইউএনওকে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলীর ব্যাপারে সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন শুক্রবার সন্ধ্যায় জানান, আজ (শুক্রবার) রাতেই তিনি গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের উদ্দ্যেশে সদরপুর ত্যাগ করবেন।
তিনি সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন বলেন, ‘ইউএনও স্যারকে গাইবান্ধায় বদলি করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার আমাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।’











